গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দুটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় টিআরজেড গার্মেন্টস ও ক্রস লাইন কারখানায় কয়েক হাজার শ্রমিক দাবি আদায়ে কর্মবিরতি করে বিক্ষোভ করছে।
পুলিশ ও আন্দোলনরত শ্রমিক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার সময় গাছা এলাকায় টিআরজেড গার্মেন্টসের অন্তত ২০০০ শ্রমিক কারখানায় প্রবেশ করে। পরে তাদের দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ শুরু করে। তবে এসময় কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। এর আগে গত ২১ মার্চ শ্রমিকরা আন্দোলনে নামলে তাদের বেতন পরিশোধের জন্য ২৭ মার্চ তারিখ ঘোষণা করে মালিক পক্ষ। এ সময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছয়দিনের ছুটি ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেয়।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, তাদের দুই মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে। কিন্তু মালিকপক্ষ বেতন, ভাতা ও ঈদ বোনাস না দিয়ে টালবাহানা করছে। আজ তাদের বেতন ভাতা পরিশোধের কথা ছিল। কিন্তু মালিক পক্ষ কয়েকবার তারিখ দিয়েও বেতন ভাতা পরিশোধ করছে না। তাই বাধ্য হয়ে তাদের আন্দোলনে নামতে হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, সকালে শ্রমিকদের দুই মাসের এবং স্টাফদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। বিষয়টি সমাধানে মালিক পক্ষ ও বিজিএমইএ এর সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
