ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামজিক অনুষদের ডিন ও অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা ইরশাদ।
ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্যানেল নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে নতুন ডিন নিয়োগ পাবেন তবে আপাতত মরহুম জিয়া রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা ইরশাদকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে মনোনীত করেছেন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
এদিকে, অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুর পর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে শঙ্কায় ছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু এ ঘটনায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানতে চাইলে ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ বলেন, আমি প্রয়াত জিয়া স্যারের অসমাপ্ত কাজ সঠিক ভাবে সম্পন্ন করতে চাই।
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ সম্পর্কে তিনি বলেন, একটা খুশির খবর হলো আমি আজ কিছুক্ষণ আগে রেজিস্ট্রার বিল্ডিংয়ে ফলাফল জমা দিয়ে এসেছি। আমার এখান থেকে কাজ শেষ। রেজিস্ট্রার বিল্ডিং থেকে মূল্যায়নের পর হয়তো তিন থেকে চারদিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
