ঢাকাঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য হতে যাচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি বিশ্ববিদ্যালয়টির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রের খবর, মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
এ বিষয়ে জানতে ড. মো. আবু তাহের গণমাধ্যমকে বলেন, এখনও কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। প্রজ্ঞাপন জারির আগে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না।
পূর্ণকালীন সদস্য হিসেবে অধ্যাপক ড. মো. আবু তাহের ২০২০ সালের সেপ্টেম্বরে ৪ বছরের জন্য ইউজিসিতে যোগদান করেন। এর আগে তিনি চবির ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক তাহের ডেপুটেশনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং লিয়েনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি জীবন বীমা কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কর্পোরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক আবু তাহেরের জন্মস্থান চট্টগ্রামের সাতকানিয়ায়। সেখানকার বাবুনগর প্রাইমারী স্কুলে প্রাথমিক, কাঞ্চনা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির পর চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়ার ইনহা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের টেক্সাসের এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা ও গবেষণা সম্পন্ন করেন তিনি।
কর্মজীবনের শুরুতে ১৯৮৫ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কমার্স কলেজে শিক্ষকতা শুরু করেন আবু তাহের। ১৯৯৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে তিনি ওই বিভাগের অধ্যাপক হন। তার রচিত ব্যবসায় প্রশাসন বিষয়ক ১৭টি বই অনার্স ও মাস্টার্স পর্যায়ে পাঠ্য হিসেবে বিবেচিত। দেশে বিদেশে তার প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ১০৭ এর বেশি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
