ঢাকাঃ শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠেছে। এরমধ্যে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়টির ফিল্ম ও টেলিভিশন বিভাগের শিক্ষক আবু শাহেদ ইমনের ওপর। আর তাকে বাঁচানোর চেষ্টার অভিযোগ উঠেছে বিভাগটির চেয়ারম্যান জুনায়েদ আহমেদ হালিমের ওপর। তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে শিক্ষার্থী কাজী ফারজানা মিম।
সোমবার (১৮ মার্চ) বিকেলে ডিবি কার্যালয়ে অভিযোগ দেওয়ার পরে সাংবাদিকদের এসব কথা জানান ফিল্ম ও টেলিভিশন বিভাগের ওই শিক্ষার্থী।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, ‘২০২১ সালে আমার বিভাগের শিক্ষক আবু শাহেদ ইমন আমাকে যৌন হেনস্তা করে। বিশ্ববিদ্যালয়ে এ অভিযোগ দেওয়ার পর থেকে বিভাগের চেয়ারম্যান ও অভিযুক্ত শিক্ষক আমাকে সেটি তুলে নিতে নানাভাবে চাপ দিতে থাকে। এতে আমি রাজি না হওয়ায় তারা আমকে হাত-পা কেটে হত্যা করাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দেন। আমাকে এক ঘরে করে দেওয়া হয়। আমাকে বিভিন্ন পরীক্ষায় শূন্য নম্বর দিয়ে ফেল করানো হয়। অনার্সের ফাইনালের ভাইভায় আমাকে ফেল করানো হয়।’
তিনি বলেন, ‘আমি স্বাভাবিক জীবন-যাপন করতে পারছি না, আমাকে একঘরে করা হয়েছে। কখন আমাকে মেরে ফেলা হয় সেটা জানি না। শুধু আমি না, আমার পরিবারকেও নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং হেনস্তা করছে। বর্তমান এ অবস্থা থেকে বাঁচতে ডিবি কার্যালয়ে অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে ডিবি মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘এর আগে এ ছাত্রী বিভিন্ন জায়গায় বিচার দিয়েছেন। কিন্তু তিনি বিচার পাননি বলে অভিযোগ করেছেন। মিমের অভিযোগ পেয়েছি। তার নিরাপত্তার বিষয়টি আমরা নিশ্চিতের চেষ্টা করবো। তাকে হুমকি-ধমকি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখবে ডিবির সাইবার টিম।’
তিনি জানান, ‘আরও কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা ছাত্রকর্তৃক যৌন হয়রারির শিকার হলে ডিবিতে লিখিত অভিযোগ দিতে পারেন।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
