এইমাত্র পাওয়া

শিক্ষাবার্তায় সংবাদ: ভাইরাল সেই প্রধান শিক্ষক বরখাস্ত

সিরাজগঞ্জঃ জেলার উল্লাপাড়ায় গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ঘুষের টাকা লেনদেনের দেনদরবারসহ বিসমিল্লাহ বলে টাকা নিতে দেখা গেছে। এ নিয়ে গত ৭ মার্চ “বিজ্ঞপ্তি প্রকাশের আগেই প্রধান শিক্ষকের ঘুষ গ্রহণ, ভিডিও ভাইরাল” শিরোনামে শিক্ষাবার্তায় সংবাদ প্রকাশিত হয়।

এ ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১১ মার্চ তাকে বরখাস্ত করা হলেও শুক্রবার রাতে বিষয়টি জানাজানি হয়।

জানা যায়, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ে এক হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে। চলতি বছরে বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, ল্যাব সহকারী ও নৈশপ্রহরী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার আগেই প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।

একপর্যায়ে তিন লাখ টাকা নগদ তার হাতে দিয়ে বিসমিল্লাহ বলে গ্রহণ করতে বললে প্রধান শিক্ষক টাকাগুলো গ্রহণ করেন। এ ছাড়াও ওই শিক্ষকের বিরুদ্ধে পুকুর লিজের টাকা, রশিদ ছাড়া টাকা উত্তোলন, ভর্তি ও সেশন ফি এবং চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগও রয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আল-আমিন সরকার বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। একাধিকবার বলার পরেও তিনি কোনো হিসাব দেননি। সম্প্রতি নিয়োগের কথা বলে তিন লাখ টাকা ঘুষ গ্রহণের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দিলেও জবাব দেননি তিনি। এসব কারণে তাকে ম্যানেজিং কমিটির বৈঠক করে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ভিডিওর বিষয়ে বলেন, নিয়োগ সংক্রান্ত কোনো টাকা আমি গ্রহণ করিনি। তবে কিসের টাকা নিচ্ছেন, তা বলতে পারেননি। এ ছাড়াও তিনি স্কুলের সভাপতির বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাতসহ তাকে মারধরের অভিযোগ তুলে বলেন, আমি থানায় মামলা দায়ের করেছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.