দেশের স্কুল কলেজ মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বেড়েছে। এর ফলে শিক্ষার পরিবেশও নষ্ট হচ্ছে। কমছে শিক্ষার মান। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। পাশাপাশি বেসরকারি পর্যায়ের শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ ঈদ বোনাস পান। ঈদের আগেই এসব শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা প্রদানসহ ৮ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ড. মো. শাহজাহান আলম সাজু।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শুধু ঈদের বোনাস নয়, পূর্নাঙ্গ উৎসব ভাতা বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে শিক্ষকদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই শিক্ষকরা সরকারি শিক্ষক কর্মচারীদের সমপরিমাণ ভাতার দাবি জানিয়ে আসছে। এরপরও দাবি বাস্তবায়নে এখন পর্যন্ত কোন উদ্যোগ দেখা যাচ্ছে না।
এছাড়াও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণার মাধ্যমে কারিগরি এবং বিজ্ঞান মনস্ক সার্বজনীন শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার দাবি জানানো হয়। তারা বলেন, লাখো শিক্ষক বদলির অপেক্ষায় রয়েছে। বদলি চালু না করায় তাদের পারিবারিক জীবনও দুর্ভোগের মধ্যে পড়েছে। শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলীর ব্যবস্থা কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক ও স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, শিক্ষকদের আর্থিক সমস্যা সমাধান ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সরকার কাজ করছে। এরপরও অধিকাংশ শিক্ষকের মধ্যে দুই বিষয়ে আপত্তি রয়েছে। সরকারের উচিত হবে বিষয়টি আরও আন্তরিকতার সঙ্গে দেখা। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দুর্দশা লাঘবে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানান।
শিক্ষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, এফিলিয়েশনপ্রাপ্ত সব স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আনা, শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের প্রত্যাহার, সব শিক্ষার্থীদের বিনামূল্যে ডিভাইস, খাতা-কলমসহ অন্যান্য শিক্ষা সামগ্রী প্রদান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
