চলতি বছরের সিমাগো ইনস্টিটিউশন র্যাংকিংয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের চার হাজার ৭৬২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এবার ইউনিভার্সিটি ক্যাটাগরিতে বাংলাদেশের ৪১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে।
গত বছর এ সংখ্যা ছিল ৩৯টি। সে হিসাবে এ বছরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান র্যাংকিংয়ে এগিয়েছে। এবারও তালিকায় স্থান পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাই বেশি।
র্যাংকিংয়ে এ বছরও বিশ্বসেরা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ডসহ সেরা দশে আছে যুক্তরাষ্ট্রের চারটি, চীনের পাঁচটি বিশ্ববিদ্যালয় এবং বাকি একটা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ওপর ভিত্তি করে প্রতি বছরের মার্চ মাস এ র্যাংকিং প্রকাশ করে স্পেনের গবেষণা প্রতিষ্ঠানটি। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং প্রকাশ করে আসছে।
প্রকাশিত র্যাংকিংয়ে দেখা গেছে, বাংলাদেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’। গত বছরের র্যাংকিংয়েও এ বিশ্ববিদ্যালয়টি তালিকায় প্রথম স্থান অর্জন করেছিল। এর আগে ২০২২ সালে র্যাংকিং সেরা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘সাউথইস্ট ইউনিভার্সিটি’।
চলতি বছরের র্যাংকিংয়ে স্থান পাওয়া দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি সরকারি বিশ্ববিদ্যালয়। র্যাংকিংয়ে ৮৪০তম স্থান অধিকার করে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি হয়েছে দেশসেরা। এরপর দ্বিতীয় সেরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (১৭৮৯) এবং তৃতীয় সেরা স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (১৯১৬)।
র্যাংকিংয়ে এরপর রয়েছে যথাক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
তালিকায় আরও রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও ঢাকা মেডিকেল কলেজ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
