এইমাত্র পাওয়া

লেবুর হালি ৮০ টাকা!

নিজস্ব প্রতিনিধি।।

রমজানের শুরুতেই বাজারে নাভিশ্বাস। রেকর্ড দামে বেচা হচ্ছে লেবু। ৮০ টাকা হালি দরে লেবু কিনতে হয়েছে চাঁদ ওঠার রাতে। সাধারণ মানুষ রোজার ইফাতারিতে লেবুর বেশি ব্যবহার করায় বাড়তি পরিমাণে লেবু কেনা–বেচা হচ্ছে। অন্যদিকে লেবুর মৌসুম না হওয়ায় বাজারেও রয়েছে সংকট। আর এই সুযোগে গলাকাটা দামেই বেচা হচ্ছে লেবু।

শুধু লেবু নয়, কুমিল্লায় চাঁদ উঠার সঙ্গে সঙ্গে বেড়েছে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। বিশেষ করে বিভিন্ন ইফতার সামগ্রীর দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা করে।

সোমবার কুমিল্লা নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, একদিন আগের তুলনায় লেবুর দাম বেড়েছে হালি প্রতি ২০ থেকে ৩০ টাকা। বেগুন ও শসা বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা করে। বেড়েছে দুধের দাম। নগরীর রাজগঞ্জ বাজারে গত সপ্তাহে ১ কেজি দুধ ছিল ৭০ টাকা। আজ বিক্রি হয়েছে ১০০ টাকা থেকে ১২০ টাকা।

কুমিল্লা নগরীর নিউ মার্কেট কাচাবাজারে আসা ক্রেতা সাহাবুদ্দিন অপি বলেন, ‘লেবু কিনতে গিয়েই বাজার করার সাধ মিটে গেছে। তারপরও যা সাধ্যে কুলায় কিনে নিচ্ছি। রমজানের বাজারে এমন উত্তাপ মানা যায় না।’

দেশের দ্বিতীয় বৃহৎ কাঁচাবাজার কুমিল্লার নিমসারের ব্যবসায়ী শাহ আলম, ‘এখন লেবুর মৌসুম নয়, যে কারণে বাজারে কিছুটা সংকট আছে। তবে এটা বেশি দিন থাকবে না। পাইকারি বাজারেও লেবুর দাম বেশি। নিমসারে বড় লেবু সর্বনিম্ন ১৫ টাকা পিস, মাঝারি সর্বনিম্ন ১০ টাকা এবং ছোট লেবু সর্বনিম্ন ৭ টাকা পিস পাইকারি বিক্রি হচ্ছে।’

নিউমার্কেটের আব্দুর রশিদ কাঁচা মালের দোকানের স্বত্বাধিকারী মু. মাহবুব আলম বলেন, ‘আড়তদার দাম বাড়িয়ে দেওয়ায় গত সপ্তাহের তুলনায় আমরা বেশি দামে বিক্রি করছি। চাহিদা বাড়ছে এজন্য দামও বাড়ছে। প্রতি বছরই রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে। আমরা যদি কমে আনতে পারি তাহলে কমেই বিক্রি করা যায়। গত সপ্তাহের তুলনায় শসা, বেগুন, লেবুর দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। আলু বাড়ছে ৫ টাকা। টমেটো বাড়ছে কেজিতে ১০-২০ টাকা। কাঁচা মরিচ ২০-৩০ টাকা। ধনিয়াপাতা বাড়ছে ৫০ টাকা।’

নগরীর বাঁগিচাগাও থেকে নিউমার্কেটে বাজার করতে আসা আফজাল হোসেন বলেন, ‘বলে লাভ নাই সবকিছুর দামই বেশি। সারা বিশ্বে রমজানে জিনিসপত্রের দাম কমে আর আমাদের দেশে সবসময় বাড়ে। গত সপ্তাহের তুলনায় আজ সবকিছুর দামই মোটামুটিভাবে বেড়েছে। বাজার মনিটরিংয়ের মাধ্যমে দাম যাচাই-বাছাই করলে দাম কমে আসবে।’

শিক্ষাবার্তা ডট কম/জামান/১২/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.