নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি মাসে বেড়েই চলেছে রাত ও দিনের তাপমাত্রা। সেই সঙ্গে কালবৈশাখীসহ কয়েক দিন বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল (মঙ্গলবার) থেকে দেশে প্রথম রোজায় সারা দেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে পরদিনই বুধবার দেশের দুই বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিন ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ।
আগামীকাল মঙ্গলবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
পরদিন বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের দু-এক
জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
