ঢাকাঃ যেখানেই যাই, সেখানেই হাসপাতালে ডাক্তার থাকে না শুনতে পাই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘চিকিৎসকদের নানা রকম সমস্যা ও প্রতিকূলতা যে আছে, তা আমি জানি। কিন্তু মানুষকে চিকিৎসা তো দিতে হবে। জাতীয় সংসদে গেলে সংসদ সদস্যরা আমাকে বলেন, তার এলাকায় চিকিৎসক থাকে না। যেখানেই যাই, সেখানেই হাসপাতালে ডাক্তার থাকে না, শুনতে পাই। এগুলো তো ভালো কথা নয়।’
মঙ্গলবার (৫ মার্চ) শাহবাগের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সোসাইটি অব নিউরো সার্জন্স অব বাংলাদেশের (এসএনবি) ১০তম জাতীয় নিউরোলজি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘উপজেলা হাসপাতালে যদি ডাক্তার থাকতে না চায়, তাহলে গ্রামের মানুষ কোথা থেকে ভালো চিকিৎসা পাবে? আমি বারবার বলেছি, চিকিৎসা খাতে সুনাম ফিরিয়ে আনতে হলে আমাদেরকে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে হবে।’
সামন্ত লাল সেন বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের কিছু অসুবিধা আছে, আমি জানি। এসব অসুবিধা আমি নোট করছি। প্রত্যন্ত অঞ্চলে যারা চিকিৎসাসেবা দিতে যাবে, তাদের জন্য কী কী ইনসেনটিভ রাখা যায়, সেগুলো নিয়ে আমি কাজ শুরু করেছি। আমি চিকিৎসকদের সুবিধা যেমন দেব, চিকিৎসকদেরকেও রোগীদেরকে সেবা বুঝিয়ে দিতে হবে। চিকিৎসকেরা গ্রামে গিয়ে মানুষকে শুধু সেবা দিক, আমি তাদের সুযোগ-সুবিধাগুলো বাড়িয়ে দেব।’
অনুষ্ঠানে সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক মো. বদরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাচিপের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, স্বাচিপ মহাসচিব ডা. কামরুল হাসান মিলন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য দেন সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আবু নাসির রিজভী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
