এইমাত্র পাওয়া

পুনঃনিয়োগ পেলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আতিকুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য হিসেবে নঃনিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আতিকুল ইসলাম। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

গত রবিবার (০৩ মার্চ)পুনরায় নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।। এই মেয়াদে তিনি আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৮ পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক আতিকুল ইসলাম ২০১৬ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিযুক্ত হন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি ২য় বারের জন্য পুনরায় নিয়োগ লাভ করেন।

এনএসইউ’র ভিসি পদে পুনঃনিয়োগ প্রদানের জন্য অধ্যাপক আতিকুল ইসলাম মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। “মহামান্য রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে আমাকে বিশ্ববিদ্যালয় পরিচালনার যে দায়িত্ব দিয়েছেন, আমি আশা করি এই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিকে শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়া এবং এশিয়ার একটি নামকরা বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হবো,” বলেন অধ্যাপক আতিকুল ইসলাম। “আমি জাতির জনক বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি গভীর মমতায় নর্থ সাউথ ইউনিভার্সিটির অগ্রগতিতে সদা তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন এবং তাঁর সদয় সান্নিধ্যে এই বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উৎকর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আমাকে এনএসইউ’র নেতৃত্বের জন্য পুনর্বিবেচনা করেছেন, যার জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।”

এছাড়াও অধ্যাপক আতিকুল ইসলাম আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে। একই সাথে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের প্রতি।

এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ অধ্যাপক আতিকুল ইসলামকে ভিসি হিসেবে পুনঃনিয়োগ পাওয়াতে শুভেচ্ছা জানিয়েছেন।

অধ্যাপক আতিকুল ইসলামের নেতৃত্বে এনএসইউ যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত সর্বশেষ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩ এ ৬০১-৮০০ এর মধ্যে উঠে এসেছে। এছাড়া কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়েও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এনএসইউ বাংলাদেশের শীর্ষে রয়েছে।

অধ্যাপক আতিকুল ইসলাম অস্ট্রেলিয়ার পার্থের এডিথ কোয়ান ইউনিভার্সিটি এর ব্যবসা ও আইন অনুষদের নির্বাহী ডিন এবং উপ-উপাচার্য (এনগেজমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ইউনিভার্সিটি অব সিডনি, এনএসডাব্লিউ, কার্টিন ইউনিভার্সিটি, ক্যানটারবেরি ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর এ দায়িত্ব পালন করেছেন।

তিনি সাউথ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে স্কুল অব কমার্সের প্রধান হিসাবে (২০০৫-২০০৮) এবং ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে (২০০৮-২০১০) ব্যবসা ও সরকার অনুষদের ডিন হিসাবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক আতিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে এম.কম (অ্যাকাউন্টিং) এবং সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক আতিকুল ইসলাম ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে তাঁর চাকুরী জীবন শুরু করেন। তিনি বহু একাডেমিক জার্নালে পাণ্ডিত্যপূর্ণ নিবন্ধের লেখক এবং সহ-লেখক। তিনি পিএইচডিসহ অনেক স্নাতকোত্তর থিসিস তত্ত্বাবধান করেছেন। তিনি আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, ব্রিটিশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স অ্যাসোসিয়েশন সহ আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে অসংখ্য প্রবন্ধ উপস্থাপন করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.