কাঠমান্ডু এসএ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের পর গতকাল পদক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন ক্রীড়াবিদরা। দুপুরের আগেই প্রথম পদক জয়ের খবর আসে। সেটির আনন্দ শেষ না হতেই খবর আসল তায়কোয়ান্দোতে বাংলাদেশের জাতীয় পতাকা উড়ছে। জাতীয় সংগীত বাজছে। পোডিয়ামের সবচেয়ে ওপরে দাঁড়িয়ে সোনার ছেলে দিপু চাকমা।
স্বর্ণপদক জয়ের খবর দিয়েছেন রাঙ্গামাটির ছেলে দিপু চাকমা। ২৯ বছর বয়সি পুমসে ইভেন্টে ৮ দশমিক ২৮ ও ৭ দশমিক ৯৬ স্কোর করেন দিপু। এ ক্রীড়াবিদ এবারই প্রথমবার এসএ গেমসে খেলতে গিয়েছিলেন। প্রথমবারই স্বর্ণপদক জয় করে মাতিয়ে দিলেন। এই একটি স্বর্ণ ছাড়াও ২টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ বাংলাদেশ ১৬ পদক জিতেছে।
এলাম দেখলাম জয় করলাম, তার পরও দিপুর কাছে মনে হচ্ছিল তিনি স্বপ্নের মধ্যে ঘুরপাক খাচ্ছেন। সোনার ছেলে দিপু সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ছিলেন। বললেন, ‘আমি জানি না। এখনই শুনলাম প্রথম সোনার পদক আমি এনে দিয়েছি।’ এই ক্রীড়াবিদ আন্তর্জাতিক আসরে আগেও স্বর্ণপদক জয় করেছেন।
কিন্তু এসএ গেমসের স্বর্ণপদক তার কাছে অন্যরকম একটি সুখ। বললেন, ‘মনে হচ্ছে দেশকে কিছু একটা দিতে পেরেছি। দেশকে কিছু একটা দিতে পেরে গর্বিত সেনাবাহিনীর সদস্য দিপু চাকমা। নেপালে যাওয়ার আগে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির আয়োজনে এসএ গেমসের অনুষ্ঠানে তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা জানিয়েছিলেন, তিনি এসএ গেমস হতে দুটি স্বর্ণপদক জয় করতে পারবেন। একটি পেয়ে গেছে বাংলাদেশ। ক্রীড়া মন্ত্রণালয় আগেই ঘোষণা দিয়েছে স্বর্ণজয়ী পাবেন ৬ লাখ টাকা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
