কোন কর্তৃত্ববলে রাবির ভিসি পদে সোবহান: হাইকোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান কোন কর্তৃত্ববলে ভিসি পদে বহাল আছেন তা জানতে চেয়ে রুল জারি করেছেন করেছেন হাইকোর্ট।

সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে অধ্যাপক সোবহান, রাষ্ট্রপতির সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিব, ইউজিসি সচিবসহ ৮ বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।

প্রসঙ্গত, এর আগে রাবি ভিসির পদে থাকার বৈধতা নিয়ে গত ২৪ জুলাই রিট করেন বিশ্ববিদ্যালয়টির সাবেক ছাত্র সালমান ফিরোজ ফয়সাল।

আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন সাংবাদিকদের বলেন, অধ্যাপক ড. এম. আব্দুস সোবহান রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ১১ (২) ধারা অনুসারে ২০১৭ সালের ৭ মে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ পান। কিন্তু ১১ (২) ধারা অনুযায়ী স্থায়ী (চার বছরের জন্য) নিয়োগের সুযোগ নেই। এ কারণে সাবেক ছাত্র সালমান ফিরোজ ফয়সাল হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে সোমবার হাইকোর্ট রুল জারি করেছেন।

তিনি আরও জানান, ১১ (২) অনুসারে রাষ্ট্রপতি যে কোনো শিক্ষককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিতে পারেন। তবে চার বছরের জন্য নিয়োগ দিতে হলে ১১ (১) ধারা অনুসারে তিনজনের প্যানেল থেকে একজনকে নিয়োগ দিতে হয়। কিন্তু তার ক্ষেত্রে এটা অনুসরণ করা হয়নি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.