এইমাত্র পাওয়া

ইবি শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ তদন্তে কমিটি

মুতাছিম বিল্লাহ রিয়াদ, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ  বাসের সিটে বসাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রকে গলা টিপে শ্বাসরোধের অভিযোগের ঘটনায় উভয়ই পক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে আহবায়ক, সহকারী প্রক্টর আরিফুল ইসলামকে সদস্য এবং একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) আলীবদ্দীন খানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে যথাশীঘ্রসম্ভব তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহবায়ক ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, এই বিষয়ে চিঠি পেয়েছি। আগামী সপ্তাহে মিটিং ডাকা হয়েছে। সেখানে বিষয়টি আলোচনা করে তদন্ত প্রক্রিয়া শুরু করা হবে।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বাসে করে কুষ্টিয়া যাওয়ার সময় সিটে বসাকে কেন্দ্র করে এক ছাত্রকে গলাটিপে হত্যা চেষ্টার অভিযোগ উঠে। ভুক্তভোগী আবু জাহেদ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরে ২৪ ফেব্রুয়ারি প্রক্টরের কাছে লিখিত আবেদন দেন ভুক্তভোগী। এতে গলাটিপে হত্যাচেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করেন জাহিদ। একইসঙ্গে ঘটনাটি তদন্তকরে দোষীদের যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। লিখিত আবেদনে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রতন রায় ও রিহাব রেদওয়ানতে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়। অভিযুক্তরা শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের অনুসারী। একইদিন ২৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অভিযুক্তরাও পাল্টা অভিযোগপত্র জমা দেন। অভিযোগে তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যা ও অতিরঞ্জিত বলে দাবি করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.