নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর আকাশ গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ছিল মেঘাচ্ছন্ন। বেলা ১১টায় ও বেলা ৩টায় কয়েক ফোঁটা বৃষ্টি পড়ে। কিন্তু বিকাল সাড়ে ৪টা থেকে ঝমঝম বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর পথঘাট। এদিন পান্থপথ, পল্টন, মিরপুর, মতিঝিল, আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে তেজগাঁও এলাকার তেজকুনিপাড়ার রাস্তায় পানি জমে যায়। এতে পথচারীদের যাতায়াতে বিঘ্ন ঘটে। এ ছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, গতকাল ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তা ছাড়া টাঙ্গাইলে ২, মাদারীপুরে ১২, গোপালগঞ্জে সামান্য, কিশোরগঞ্জের নিকলীতে ১৮ মিলিমিটারসহ ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদীতে ৮, বগুড়ায় ৩, নওগাঁর বদলগাছীতে ৪ ও সিরাজগঞ্জের তাড়াশে ৭সহ ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগের রংপুরে ৩, দিনাজপুরে ২, সৈয়দপুরে ১, ডিমলায় ২, রাজারহাটে ৪সহ ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ময়মনসিংহে ১২ ও নেত্রকোণায় ৮সহ ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিলেটে ২২ ও মৌলভীবাজারে ২০সহ ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের চাঁদপুরে ৩, ফেনীতে ১, নোয়াখালীর হাতিয়ায় ২৩সহ ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। খুলনা বিভাগের যশোরে ১, চুয়াডাঙ্গায় ২, কুষ্টিয়ার কুমারখালীতে ২ ও মোংলায় ১১সহ ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে দেশে ১৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
