কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্যের কার্যালয়ে শিক্ষকদের হেনস্তা ও হুমকি-ধমকির অভিযোগে সাধারণ ডায়েরি করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় উপাচার্যপন্থী দুই কর্মকর্তা ও সাতজন সাবেক শিক্ষার্থীর নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত শিক্ষক সমিতি সভাপতি ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান এ সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বলেন বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের।
অভিযুক্ত কর্মকর্তারা হলেন: বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে চাকরির আবেদন করা ও ছাত্রলীগের পদপ্রার্থীরা হলেন: মো. ইমরান হোসাইন, অনুপম দাস বাধন, রকিবুল হাসান রকি, আমিনুর রহমান, ইমাম হোসাইন মাসুম, রাকিব, জাহিদুল ইসলামসহ অজ্ঞাতনামা ২০/৩০ জনের নামে এ অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, বিকেল ৪টায় নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতাকর্মীরা উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে জাকির হোসেন ও ইমরান হোসাইনের নেতৃত্বে কয়েকজনকে নিয়ে শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার চেষ্টা করা হয়। এ সময় তারা আমাদের সঙ্গে মারমুখী আচরণ শুরু করেন এবং প্রাণনাশে হুমকি ধমকি ও ভয়ভীতি দেখান।
একপর্যায়ে জাকির উপাচার্যের উপস্থিতিতে শিক্ষকদের ‘থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব’ বলে হুমকি দেন। তখন উপাচার্য ও প্রক্টরিয়াল বডির কাছে নিরাপত্তা চাইলে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তারা।
অভিযোগপত্রে আরও বলা হয়, উপাচার্য আমাদের নিরাপত্তার ব্যবস্থা না করেই নিজ বাসভবনে চলে যান। বর্তমানে আমিসহ আমাদের শিক্ষকগণ নিরাপত্তাহীনতায় ভুগছি। ভবিষ্যতে আমাদের যেকোনো সময় ক্ষতিসাধন করার আশঙ্কা করছি। বিষয়টি নিয়ে উপস্থিত শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে তাদের স্বাক্ষরসহ থানায় সাধারণ ডায়েরি করলাম।
এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষক থানায় উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষকদের স্বাক্ষরসহ সংযুক্তি দিয়ে এ অভিযোগ দায়ের হয়।
থানায় অভিযোগের বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি আমরা নিরাপদ না থাকি, তাহলে আমরা অবশ্যই রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইবো। প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারে নাই। উপাচার্যের কাছে আমরা নিরাপত্তা চেয়েও তা পাইনি এবং প্রক্টরিয়াল বডিও আমাদের নিরাপত্তা দেয়নি। এখন আমাদের শিক্ষকরা নিরাপত্তাহীনতায় আছেন। এজন্য আমরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে জিডি করেছি।
জিডির বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, কুবির শিক্ষকরা থানায় এসে একটি অভিযোগ করেছেন। এই বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
