যশোরঃ জেলার সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের একটি শিশুসদন এতিমখানা মাদ্রাসায় বেত্রাঘাতে ছাত্র নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে অভিযুক্ত শিক্ষক মোসাদ্দিক বিল্লাহ আটক হয়েছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে আটক করে। আটক মোসাদ্দিক বিল্লাহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোলাম সরোয়ারের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, যশোর জেলার সদর উপজেলার এড়েন্দা গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুল আলিম পার্শ্ববর্তী দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর শিশুসদন এতিমখানা মাদ্রাসার নাজেরার ছাত্র। সোমবার সকালে ওই ছাত্র মাদ্রাসায় পড়া না পারায় শিক্ষক তাকে বেত্রাঘাত করে পিঠসহ বিভিন্ন স্থানে জখম করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে যায়। ওই ছাত্রকে সারাদিন মাদ্রাসা থেকে বের হতে দেয়নি।
পরে ভুক্তভোগী ছাত্র ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে সন্ধ্যায় বাড়িতে এসে বাবা-মাকে জানায়। এরপর প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা মিলে ওই মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে ডেকে স্থানীয় ইউপি মেম্বার ইসমাইল হোসেনের অফিসে নিয়ে যায়। সেখানে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, অভিযুক্ত শিক্ষক আটক হয়েছে। ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
