এইমাত্র পাওয়া

চার শিশুকে ধর্ষণ, শিক্ষকের মৃত্যুদণ্ড

চট্টগ্রামঃ জেলার একটি মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম নাছির উদ্দিন (৪৭)।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-৩-এর বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জিকু বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি নাছির উদ্দিন আদালতে হাজির ছিলেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও আদালতের নথির তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি মাদ্রাসায় চার শিশু শিক্ষার্থী ধর্ষণ শিকার হয়। এই ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক নাছির উদ্দিনের নামে মামলা করেন।

তদন্ত শেষে নাছির উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২২ সালের ২৪ জানুয়ারি নাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১১ সাক্ষীর সাক্ষ্য শেষে রবিবার এ মামলায় রায় দিলেন আদালত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.