ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো অধ্যাপক ড. নাদির জুনাইদের কোর্সগুলো পাঠদানের জন্য অন্য শিক্ষকদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিভাগটির একাডেমিক কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিভাগের অ্যাকাডেমিক কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নে পরিচালনা এবং শিক্ষার্থীদের অ্যাকাডেমিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সভা সূত্র জানায়।
সম্প্রতি অধ্যাপক জুনাইদের বিরুদ্ধে বিভাগের এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ তুললে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করে। উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনতে তাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় গণযোগোযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভা শেষে বিভাগের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের অ্যাকাডেমিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভাগ সব ধরনের ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে উদ্ভূত পরিস্থিতিতে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে নানা শঙ্কা তৈরি হয়েছে বলে অ্যাকাডেমিক কমিটির কাছে প্রতীয়মান হয়। এমতাবস্থায় বিভাগের শিক্ষা পরিবেশ, শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ক এবং শিক্ষার্থীদের সব ধরনের কল্যাণ বিভাগের কাছে বরাবরের মতোই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। বিভাগের একাডেমিক কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে শিক্ষার্থীদের সব ধরনের অ্যাকাডেমিক নিরাপত্তা নিশ্চিত করা শিক্ষকদের নৈতিক দায়িত্ব।
সভায় অধ্যাপক নাদির জুনাইদের কোর্সগুলোর পরিবর্তিত শিক্ষকদের নাম জানানো হয়। প্রথম বর্ষের ১০৬ নম্বর কোর্সে ক্লাস নেবেন সহযোগী অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক খান ও সহযোগী অধ্যাপক ড. শাওন্তী হায়দার। দ্বিতীয় বর্ষের ২০৭ নম্বর কোর্সে পাঠদান করবেন সহকারী অধ্যাপক আমেনা খাতুন ও সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক খান। আর মাস্টার্সের ৫০১ নম্বর কোর্সটি নেবেন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ।
এ ছাড়া দ্বিতীয় বর্ষের পরীক্ষা কমিটির প্রধান হিসেবে অধ্যাপক নাদির জুনাইদের স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে সহযোগী অধ্যাপক সাইফুল হককে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
