দিনাজপুরঃ দিনাজপুর শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় স্কুল বাড়লেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট এক লাখ ৯৯ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী। এ ছাড়া প্রশ্নপত্র ফাঁসরোধে এবার বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার আগেই প্রশ্নকোড দেয়া হবে। সেই প্রশ্নকোডের বাইরে প্রশ্নপত্র খোলা যাবে না বলে জানান সংশ্লিষ্টরা।
আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা।
দিনাজপুর শিক্ষা বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, গত বছরের (২০২৩ সাল) তুলনায় এবার (২০২৪ সাল) এই শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী স্কুলের সংখ্যা বেড়েছে ৭২টি, আর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে এক হাজার ৯২৩ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠানে ইতিমধ্যেই সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। স্ব-স্ব জেলা ও উপজেলায় পাঠানো হয়েছে প্রশ্নপত্র। প্রশ্নপত্র ফাঁস রোধে নেয়া হয়েছে সবরকম নিরাপত্তা ব্যবস্থা।
বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো দুই লাখ এক হাজার ৩৫৯ জন। অর্থাৎ গতবছরের তুলনায় এবার এই শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে এক হাজার ৯২৩ জন। আর এবার এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের মোট ২ হাজার ৭৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল) পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত বছর এই পরীক্ষায় অংশ নেয় রংপুর বিভাগের ২ হাজার ৭০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী। অর্থাৎ গত বছরের তুলনায় এবার স্কুলের সংখ্যা বেড়েছে ৭২টি। গতবছরের তুলনায় এবার এই শিক্ষা বোর্ডে একটি পরীক্ষা কেন্দ্র বেড়েছে। গতবছর দিনাজপুর শিক্ষা বোর্ডেও অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষা কেন্দ্র ছিলো ২৭৭টি, আর এবার মোট পরীক্ষা কেন্দ্র ২৭৮টি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুর জেলায় মোট ৬১টি পরীক্ষা কেন্দ্রে অংশ নেবে ৪০ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী, ঠাকুরগাঁও জেলার ২৪টি কেন্দ্রে মোট ২০ হাজার ১৮০ জন, পঞ্চগড় জেলার ২২টি কেন্দ্রে মোট ১৪ হাজার ৩০১ জন, রংপুর জেলার ৫০টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ৭৭৭ জন, গাইবান্ধা জেলার ৪০টি কেন্দ্রে মোট ২৭ হাজার ৪৪৪ জন, নীলফামারী জেলার ২৭টি কেন্দ্রে মোট ২৩ হাজার ৫১৫ জন, কুড়িগ্রাম জেলার ৩৪ টি কেন্দ্রে মোট ২২ হাজার ৯৮০ জন এবং লালমনিরহাট জেলার ২০টি পরীক্ষা কেন্দ্রে অংশ নেবে মোট ১৫ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থী। রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা দিনাজপুর জেলাতেই বেশি। সবচেয়ে কম পঞ্চগড় জেলায়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স. ম. আব্দুস সামাদ আজাদ জানান, অতীতের অভিজ্ঞতা থেকে প্রশ্নপত্র ফাঁসরোধে এবার বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার আগে প্রতিটি পরীক্ষার প্রশ্নকোড দেয়া হবে, সেই প্রশ্নকোডের বাইরে প্রশ্নপত্র খোলা যাবে না।
তিনি বলেন, কেন্দ্র পর্যন্ত প্রশ্নপত্র সরবরাহের কাজে যারা নিয়োজিত থাকবেন, তাদের ক্লোজ মনিটরিংয়ের মধ্যে রাখা হয়েছে। নেয়া হয়েছে সবরকম নিরাপত্তামূলক ব্যবস্থা।
সবরকম ব্যবস্থা গ্রহণ করায় সুষ্ঠু, শান্তিপূর্ণ, নকলমুক্ত ও প্রশ্নপত্র ফাঁসরোধের মধ্য দিয়ে সম্পন্ন হবে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। ১২ মার্চ শেষ হবে লিখিত পরীক্ষা। এরপর ১৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
