এইমাত্র পাওয়া

শিক্ষা ছুটিতে বিদেশে ববির ৪৭ শিক্ষক, শ্রেণি কার্যক্রম ব্যাহত

বরিশালঃ শিক্ষা ছুটি নিয়ে বিদেশে পাড়ি দেয়ার ছুতো বেড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। অর্ধশত শিক্ষক এখন দেশের বাইরে। এতে শিক্ষক শূন্যতায় একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বিপাকে শিক্ষার্থীরা। প্রায় কোটি টাকা নিয়ে আইন ভেঙে ৬ শিক্ষক আর ফেরেননি কর্মস্থলে। অসন্তোষ প্রকাশ করে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২০১৬ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪ শিক্ষক শিক্ষাছুটিতে বিদেশে যান। ৩ জন ফিরলেও সহকারী অধ্যাপক জিসান আহমেদ আর ফেরেননি। মাস্টার্স লিডিং টু পিএইচডি ডিগ্রি অর্জন শেষে থেকে গেছেন আমেরিকায়। তার কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাবে ৩৭ লাখ টাকা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘প্রতিষ্ঠার ১৩ বছরে বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তায় এ পর্যন্ত ৯৯ জন শিক্ষক শিক্ষা ছুটিতে বিদেশে গেছেন। বর্তমানে ৪৭ জন ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে আছেন। ৬ শিক্ষক আইন ভেঙে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আর ফেরেননি।’

বিদেশ থেকে না ফেরা শিক্ষকরা হলেন: মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক কিষান মাহমুদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিসান আহমেদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মমিন উল্লাহ, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক অহিদুর রহমান, রসায়ন বিভাগের শিক্ষক আহম্মদ উল্লাহ এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হাসিনুর রহমান।

শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকদের বিদেশ পাড়িতে শিক্ষক শূন্যতায় তাদের একাডেমিক জীবন ব্যাহত হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান ড. হালিমা বেগম বলেন, ‘বিদেশে ডিগ্রি নিয়ে এসে আগের পদেই যোগদান করতে হয়। ততদিনে জুনিয়র শিক্ষক সিনিয়র হয়ে যান। এসব কারণে অনেক শিক্ষক দেশে ফিরতে চায় না। ফলে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া জানান, কোনো শিক্ষক যদি চার বছরের শিক্ষা ছুটিতে যান, তাহলে দেশে ফিরে চার বছর ওই বিভাগে অধ্যাপনা করতে হবে। আর আইন ভঙ্গকারী ৬ শিক্ষকের কাছে পাওনা প্রায় ৭০ লাখ টাকা। এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

২০১১ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ২৫টি বিভাগ আছে। ৯ হাজার ১০০ শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন ১৯৯ জন। ২৭৮ জন শিক্ষক পদ শূন্য রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০২/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.