এইমাত্র পাওয়া

নিলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়: ঘুষ নিয়ে প্রধান শিক্ষক নিয়োগ!

পিরোজপুরঃ জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া ইউনিয়নের দক্ষিণ নিলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে লিখিত অভিযোগকারী ৪ নং চিরাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদ খান খোকন বলেন, বিদ্যালয়ের সভাপতি মামুন হোসেন বাবলু জোমাদ্দার এবং নিয়োগ বোর্ডের কর্মকর্তাদের যোগসাজশে মোটা অঙ্কের টাকার বিনিময় প্রধান শিক্ষকসহ মোট চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা অনিয়ম করে গোপনে নিয়োগের পরীক্ষা নিয়েছেন। এছাড়া সভাপতি নিজের ইচ্ছা মতো একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে নিয়োগ বোর্ডের প্রতিনিধি করেছেন।

তিনি বলেন, গত ১০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান ও কর্মচারী নিয়োগে নতুন একটি পরিপত্র জারি করে। এ কারণে তারা বিদ্যালয় খোলার তারিখ ১৭ জানুয়ারি বুধবার অনুষ্ঠিতব্য পরীক্ষা পিছিয়ে ৫ জানুয়ারি দেখিয়ে এই অবৈধ নিয়োগ প্রদান করে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মামুন হোসেন বাবলু জোমাদ্দারের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সঠিক সময়ে সঠিক নিয়মে পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করেছি। এতে কোনো প্রকার অনিয়ম এবং আর্থিক লেনদেনের ঘটনা ঘটেনি।

কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ট করলেও তিন সাড়া দেননি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.