ময়মনসিংহঃ অনুমোদনহীন একটি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করে ভাটা গুঁড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের লোকজন। আর সেই ঘটনায় ইন্ধন রয়েছে মনে করে ভাটার মালিকের নেতৃত্বে শ্রমিকরা এক শিক্ষকের বাড়িতে হামলা চালান। এ সময় বসতঘর ভাঙচুর এবং তাঁর স্ত্রীকে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শর্ষী গ্রামে এ ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষকের নাম আনোয়ার হোসেন। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তায় নিজেকে রক্ষা করেছেন।
শিক্ষক আনোয়ার অভিযোগ করেন, স্থানীয় আবুল মনসুর ভূঁইয়ার অবৈধ ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান হয়েছে সন্দেহ করে ভাটার মালিক ও কয়েকজন শ্রমিক তাঁর বাড়িতে হামলা চালান।
এ সময় বাধা দিলে তাঁর স্ত্রী শিউলী আক্তারকেও মারধর করা হয়।
ইটভাটার মালিক মনসুর ভূঁইয়া বলেন, ‘আনোয়ার হোসেনের অভিযোগ পেয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা আমার ইটভাটায় অভিযান চালিয়েছেন। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়েছে।’
এদিকে টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতটি অবৈধ ইটভাটার কর্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এ অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর জানান, ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘাটাইল উপজেলার পাঁচটি, কালিহাতী ও ভূঞাপুর উপজেলার দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। এসব ভাটার মলিকদের কাছ থেকে ৩৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় পানি দিয়ে আগুন নিভিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
বন্ধ করে দেওয়া ভাটাগুলো হলো ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামের সুজন ব্রিকস, সিয়াম ব্রিকস, স্বর্ণা ব্রিকস-২, মিশাল ব্রিকস ও লোকের পাড়া গ্রামের এমএসটি ব্রিকস, কালিহাতী উপজেলার তালতলা গ্রামের একুশে ব্রিকস ও ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের কবির ব্রিকস।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
