এইমাত্র পাওয়া

বড় মন্ত্রীকেও স্যার বলি না, শিক্ষকদের বলি: এমপি শামীম ওসমান

নারায়ণগঞ্জঃ জেলার-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আমার চেয়ে বয়সে ছোট অনেকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক। আমি তাদের স্যার বলে ডাকি। আমি বড় কোনো মন্ত্রীকেও স্যার বলে ডাকি না। কিন্তু শিক্ষকদের স্যার বলি।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরুসহ জেলা শিক্ষা কর্মকর্তা ও অন্যান্যরা।

শামীম ওসমান বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তারা দুনিয়ায় এসেছেন মানুষ গড়ার জন্য। বাবা-মায়ের আদরের সন্তানকে গড়ে উঠতে তারা নিরলস পরিশ্রম করেন। যারা মানুষ গড়ার হাতিয়ার, তাদের সম্মান না করলে পৃথিবীর কাউকে সম্মান করে লাভ নেই।

তিনি বলেন, দেশে কৃত্রিম খাদ্য সংকটের মাধ্যমে দুর্ভিক্ষ সৃষ্টি করার চেষ্টা চলছে। যার যত বেশি আছে সে তত খেতে চায়। কিছু মানুষ আছে তাদের কাছে বাংলাদেশ ভালো লাগে না। তাদের অন্য জায়গায় সেটাপ আছে।

ড. মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে তিনি বলেন, পৃথিবীতে ও বাংলাদেশের যত লুটপাট, ষড়যন্ত্র, দেশ বেচা- এসব গরিব মানুষ, অশিক্ষিত মানুষ করে না। করে সব শিক্ষিত লোক। লেখাপড়া করে ডক্টরেট ডিগ্রি নিয়ে শ্রমিকের টাকা মেরে দেয়। তারা বাংলাদেশের নামকরা ডক্টরেট।

তিনি আরও বলেন, আজ আমাদের জাপানের মতো একটি দেশ থাকার কথা ছিল। আমাদের মাটিতে সম্পদ আছে। আমাদের পানি, মাটির নিচে গ্যাস, ম্যানপাওয়ার সবকিছু আছে। বঙ্গবন্ধু দেশটিকে সেই জায়গায় নিয়ে যাচ্ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের স্বপ্নগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা ফিরে আসার কারনে আমরা আবার স্বপ্ন দেখা শুরু করেছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.