এইমাত্র পাওয়া

ওয়েবমেট্রিক্স র‍্যাংকিংয়ে পিছিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়

মুতাছিম বিল্লাহ রিয়াদ, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ  শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র‌্যাংকিংয়ে বাংলাদেশের সেরা ৫০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অবস্থান ৩৪তম (বিশ্ব র‌্যাংকিংয়ে-৪০৪৪)। এর আগে ২০২৩ সালে সর্বশেষ জরিপে র‌্যাংকিংয়ে দেশের মধ্যে ৩২তম (বিশ্ব র‌্যাংকিংয়ে-৪০৩৭) স্থানে ছিলো বিশ্ববিদ্যালয়টি।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ১১ হাজার ৯৯১টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে এই তালিকা প্রকাশ করেছে স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স। গত ৩১ জানুয়ারি রাতে এই তালিকা প্রকাশ করা হয়।

সংস্থাটির বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-২০২৪ সালের প্রথম সংস্করণ (জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ বছর দেশের ১৭০টি পাবলিক, প্রাইভেট ও মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১১৪৫), দ্বিতীয় স্থানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৪১০), তৃতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৪৩৫), চতুর্থ স্থানে সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৪৩৭), পঞ্চম স্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৭৫৩), ষষ্ঠ স্থানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাংকিং ২০৪৫), সপ্তম স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২০৫৪), অষ্টম স্থানে ব্রাক ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাংকিং ২১৬৪ ), নবম স্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২২৯৯), দশম স্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৩৫১)।

এদিকে ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে থাকা বিশ্বসেরা ৫টি বিশ্বিবদ্যালয়ের মধ্যে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি, দ্বিতীয় স্থানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, তৃতীয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), চতুর্থ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও পঞ্চম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‌্যাংকিং প্রকাশ করে আসছে। জানা গেছে, এই র‌্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.