রাবিপ্রবি শিক্ষার্থীকে হলে প্রবেশে ৬ মাসের নিষেধাজ্ঞা

রাঙ্গামাটিঃ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন, হলে নিয়মবহির্ভূতভাবে ছাত্র তোলা, আপত্তিকর বাক্য উচ্চারণসহ বিভিন্ন অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীকে আবাসিক হলে প্রবেশে ছয় মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আকিব মাহমুদ হাসান নামে ছাত্রলীগ নেতা পরিচয়ধারী ওই শিক্ষার্থীকে আর্থিক জরিমানাসহ আবাসিক হলে প্রবেশে ছয় মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আকিব এই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

এছাড়া বেশকিছু অভিযোগে ছাত্রলীগ নেতাকর্মী পরিচয়ধারী আরও চার শিক্ষার্থীকে সতর্ক করে দেওয়া হয়েছে। তারা হলেন- ম্যানেজমেন্ট বিভাগের মো. রিয়াদ, পাংশু চাকমা, সিএসই বিভাগের মুহাম্মদ আবীর চৌধুরী ও মো. মহিউদ্দিন মুন্না।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শাখার প্রভোস্ট দপ্তর জারি করা এক আদেশে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রাবিপ্রবিতে ছাত্রলীগের কোনো কমিটি বা শাখা সংগঠন না থাকলেও সেখানে ছাত্রলীগ শাখা কমিটির নেতা পরিচয়ে নেতৃত্ব দেন আকিব মাহমুদ হাসান। তিনি রাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত। এতে প্রায় সময়ই আবাসিক হলে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধমকি, উচ্চবাচ্য উচ্চারণসহ বিভিন্ন আপত্তিকর আচরণ করেন আকিব ও তার সহযোগীরা। এর ফলে বিশ্বদ্যিালয়টির শৃঙ্খলা ও পরিবেশে বিঘ্ন ঘটে।

রাবিপ্রবি হল প্রশাসনের সহকারী প্রভোস্ট সৌরভ দত্ত ও আহমেদ ইমতিয়াজ স্বাক্ষরে জারি করা আদেশে উল্লেখ করা হয়, আবাসিক ছাত্র হলে ভয়ভীতি প্রদর্শন বা হুমকি প্রদান, নিয়মবহির্ভূতভাবে হলের আসনে অন্য ছাত্রকে তোলা, পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি বিনষ্ট করে আবাসিক ছাত্র হলের পড়াশোনার পরিবেশ ও শৃঙ্খলাজনিত বিধান লঙ্ঘন করায় আকিব মাহমুদ হাসানকে ১ হাজার টাকা জরিমানা এবং ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৬ মাসের জন্য আবাসিক ছাত্র হলে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী হলের ভেতর চিৎকার, উচ্চস্বরে গান গাওয়া, উপহাস করা, আপত্তিকর শব্দ ব্যবহার করে ছাত্র হলের পড়াশোনার পরিবেশ ও শৃঙ্খলাজনিত বিধান লঙ্ঘন করায় অন্য চার আবাসিক শিক্ষার্থীকে প্রথমপর্যায়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.