ঢাকাঃ পড়াশোনায় সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের ছয় শিক্ষার্থীকে ৭ লাখ ৯২ হাজার টাকার বৃত্তি প্রদান করেছে জাপানের মিতসুবিশি করপোরেশন।
আজ বুধবার বৃত্তির চেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামালের কাছে হস্তান্তর করেন মিতসুবিশি করপোরেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. মিয়ংগো লি।
বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন আজমির আলম, সাবিব মো. সাদাকাতুল বারী, শানরিয়া জেবিন, মোহসিনা নাওয়াজ, পিয়াস কুমার পাল ও এস এম রিফাত হোসেন। তাদের প্রত্যেকে ১ লাখ ৩২ হাজার টাকা প্রদান করা হয়েছে।
উপাচার্য দপ্তরে আয়োজিত ওই চেক হস্তান্তর অনুষ্ঠানে জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম এবং মিতসুবিশি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করায় মিতসুবিশি করপোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী ও বন্ধুরাষ্ট্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মিতসুবিশি জাপানের একটি বৃহৎ করপোরেশন। মিতসুবিশি করপোরেশনের সাহায্য ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজনের জন্য মিতসুবিশি করপোরেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভকে অনুরোধ জানান উপাচার্য।
মিতসুবিশি করপোরেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. মিয়ংগো লি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে আখ্যায়িত করে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে মিতসুবিশি করপোরেশনের সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
