এইমাত্র পাওয়া

পাঁচ মাসের মধ্যে কমবে ইন্টারনেটের দাম: পলক

ফেনীঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রত্যেকটি জায়গায় ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমানোর জন্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। আগামী ৫ মাসের মধ্যে ইন্টারনেটের দাম আরও কমানো হবে।

বুধবার দুপুরে ফেনী পিটিআই স্কুল মাঠে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় তিন জেলার নারী প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ফোরজি প্রতিশ্রুত স্পিড যাতে প্রত্যেকটি মোবাইল নেটওয়ার্ক কোম্পানি নিশ্চিত করে এবং দেশজুড়ে বাড়িতে বাড়িতে সুলভ মূল্যে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া জন্য কাজ করা হচ্ছে। এ জেলায় ১১৪টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব হয়েছে। এখানে আরও ১০০টি ল্যাব স্থাপন করা হবে।

বক্তব্যের শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার ৭৪৫ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ তুলে দেন অতিথিরা।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী পুলিশ সুপার জাকির হাসান এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) প্রেসিডেন্ট শমী কায়সার।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.