এইমাত্র পাওয়া

বরিশাল বিশ্ববিদ্যালয়: বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অ্যাকাডেমিক কার্যক্রম চলাকালীন শিক্ষার্থী ব্যতীত বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইউম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ব্যতীত অ্যাকাডেমিক কার্যক্রম চলাকালীন সময়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থী কিংবা বহিরাগতদের মাদকসেবন, বিশৃঙ্খলা সৃষ্টি, র‍্যাগিং ও ইভটিজিংসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু পুরো ক্যাম্পাস সিসিটিভি’র আওতাধীন, সেহেতু উক্ত কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া সাপেক্ষে অভিযুক্ত/অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি অভিযুক্ত অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও হয়ে থাকে তার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিবে না।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইউম বলেন, বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে চুরি, মারামারিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। তারই প্রতিরোধ ব্যবস্থায় ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধি করার উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.