এইমাত্র পাওয়া

শিক্ষকের উপর হামলা: রাবি শিক্ষক সমিতির তিন দিনের আলটিমেটাম

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকের ওপর হামলাকারীকে গ্রেফতারের জন্য তিনদিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষক সমিতি। তা না হলে আবার মাঠে নামবেন বলে হুশিয়ারি দিয়েছেন তারা। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সিনেট ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দেখে মনে হয় না এটি দেশের কোন প্রথম সারির বিশ্ববিদ্যালয়। হামলা ছিনতাই নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে।

এসময় মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া বলেন, খুব দ্রুত আক্রমণকারীদের ধরে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আমি কোনো দলকে সন্দেহ করছি না। যারা এ ধরনের কাজ করে তাদের পরিচয় একটাই, সেটা হলো তারা আক্রমণকারী।

হামলাকারীদের কঠিন শাস্তির দাবি করে আইন বিভাগের ডিন ও সিন্ডিকেট সদস্য আ. ন. ম. ওয়াহিদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটি ক্যাম্পাস যেখানে প্রথম শিক্ষার জন্য শিক্ষক প্রাণ দিয়েছে। সেই জায়গা থেকে অধ্যাপক আলী রেজার ওপর এই আক্রমণ আমাদের সামাজিক নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের একটি বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, আমি এই সন্ত্রাসী বাহিনীর নাম দিয়েছি, ‘মোটরসাইকেল বাহিনী’। রাজশাহীর সব জায়গায় তাদের দৌরাত্ম্য দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা সাধারণ শিক্ষকরা অসহায় হয়ে পড়েছি। এই সকল ঘটনা আমাদের শিক্ষকদের ইমেজকে দারুণভাবে ক্ষতি করছে। এই দুষ্কৃতকারীদের শাস্তির আওতায় আনতে হবে তবেই তাদের প্রতিহত করা সম্ভব।

উল্লেখ্য, এর আগে, শনিবার শিক্ষকের উপরে হামলার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। একই দাবিতে সংবাদ বিজ্ঞপ্তি দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

প্রসঙ্গত, শুক্রবার রাতে রুয়েটের প্রধান ফটকের বিপরীতে মিষ্টিবাড়ি দোকানের সামনে রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মুহাম্মদ আলী রেজাকে (৫৩) পথরোধ করে গাড়ি থেকে নামিয়ে মারধর ও হত্যাচেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওইদিন রাতেই নগরীর মতিহার থানায় মামলা করেন তিনি।

এরপর রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার বিবাদীরা হলেন- মৃত তসলিম উদ্দিনের ছেলে মো. মিনহাজ আবেদীন (৩৯) এবং মো. মোশাররফ হোসেনের ছেলে মো. মোসাদ্দেক হোসেন রাতুল (২৭)। তাদের উভয়ের বাড়ি রাজশাহী নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.