বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের মাঠের লড়াই শুরু হবে আগামী ১১ ডিসেম্বর। এর আগে ৮ ডিসেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষে এবার বিশেষ বিপিএলের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সে কারণে টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরই মধ্যে টুর্নামেন্টের দলগুলো প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দেশি-বিদেশি ক্রিকেটার দলে নিয়েছে। ড্রাফটের বাইরে থেকে দুজন বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগও কাজে লাগাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির দল গোছানোর কাজ শেষ পর্যায়ে। কয়েক দিন পরই টুর্নামেন্টের জন্য আনুষ্ঠানিকভাবে অনুশীলনে নামবে দলগুলো। অবশ্য এরই মধ্যে ব্যক্তিগত উদ্যোগে নিজেদের তৈরি করে নিচ্ছেন তামিম-মুমিনুলরা।
এবার হচ্ছে বিপিএলের সপ্তম আসর। এই বিশেষ আসরে অনেক ক্ষেত্রেই নতুনত্ব এসেছে। আগের আসরের মতো ৭টি দল অংশ নিলেও তাদের নামে পরিবর্তন এসেছে। ৭টি দলের নতুন নাম হলো- ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার্স, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও খুলনা টাইগার্স। আগের আসরের মতো এবার ফ্র্যাঞ্চাইজির মালিকানা অন্যদের হাতে স্বতন্ত্র থাকছে না। ৭টি দলই বিসিবির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। রংপুর ও কুমিল্লার মালিকানা শতভাগ থাকছে বিসিবির হাতেই। বাকি পাঁচটি দলের জন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থাকলেও দলগুলোকে দিকনির্দেশনা দেবে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলো পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনায় থাকছেন বিসিবির পরিচালকরা। ঢাকা প্লাটুনে গোলাম মর্তুজা পাপ্পা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে জালাল ইউনুস, রাজশাহী রয়্যালসে এনায়েত হোসেন সিরাজ, সিলেট থান্ডার্সে তানজিল চৌধুরী, রংপুর রেঞ্জার্সে আকরাম খান, খুলনা টাইগার্সে খালেদ মাহমুদ সুজন ও কুমিল্লা ওয়ারিয়র্সের পরিচালনায় থাকছেন নাঈমুর রহমান দুর্জয়। আগের আসরগুলোতে এমনটা ছিল না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
