ঢাকাঃ শিক্ষা ও নৈতিকতার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ‘আদর্শ শিক্ষক সম্মাননা’ পেলেন দেশের ১১ জন শিক্ষক। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এথিকস ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে এ সম্মাননা দেয়।
এথিকস ক্লাব বাংলাদেশের সভাপতি এম ই চৌধুরী শামীমের সভাপতিত্বে ও এথিকস ক্লাব বাংলাদেশের প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষকদের হাতে ‘আদর্শ শিক্ষক সম্মাননা’ স্মারক তুলে দেন মন্ত্রী ডা. দীপু মনি।
সম্মাননা পাওয়া শিক্ষকরা হলেন ছায়ানটের সভাপতি অধ্যাপক ড সনজীদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. অনুপম সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সৈয়দ আকরম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কায়সার হামিদুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডা. কনক কান্তি বড়য়া, রাঙ্গামাটির নারায়ন গিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মু. নুরল মোস্তফা চৌধুরী, দিনাজপুর সঙ্গীত কলেজের শিক্ষক গনেশ সরেন, সিরাজগঞ্জের রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চমন আরাস্তা শিউলী, বান্দরবানের মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন।
সনজীদা খাতুন অসুস্থ থাকায় তিনি সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। অধ্যাপক অনুপম সেনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন পিএসসির সদস্য ড. সৈয়দ গোলাম ফারুক।
উদ্বোধনী সঙ্গীত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ক্লাবের ঘোষণাপত্র পাঠ করেন ক্লাবের প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা। অনুষ্ঠানের শুরুতে এথিকস ক্লাবের প্রয়াত ১৭ জন উপদেষ্টাকে স্মরণ করা হয়।
ইমিরেটাস অধ্যাপক রফিকুন নবী তার সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে বলেন, কথা ছিল আমি শুধু ছবি আঁকব, শিক্ষকতা করবো। কিন্তু সময়টা এমন ছিল, নীতি বা নৈতিকতার কথা বলতে গিয়ে আমাকে কার্টুন আঁকতে হয়েছিলো। নান্দনিকতার মধ্য দিয়ে অনেক কথা বলা যায় না, তাই প্রতীকী কার্টুনের মধ্য দিয়ে নীতি-নৈতিকতার কথা বলতে হয়েছে। আমরা যা কিছু বলেছি, তার কিছু হয়ত কাজে লেগেছে। তবে আজ সময় এসেছে বিচার করার যে সমাজে নীতি নৈতিকতা সত্যি রয়েছে কী না।
অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে অধ্যাপনায় নিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আকরম হোসেন বলেন, আমি স্বোপার্জিত শিক্ষক৷ শিক্ষক হিসেবে প্রতিটি দিন ছিল আমার কাছে পরীক্ষা। আজীবন আমাকে প্রস্তুত হয়ে ক্লাসে যেতে হয়েছ। বিশ্ববিদ্যালয় পাঠদান হয় বইকেন্দ্রিক বা বইবিকেন্দ্রিক। তবে ছাত্রদের মধ্যে জ্ঞানের সঞ্চার করে দিতে হয়, যেন তাদের মধ্যে কোটি কোটি জিজ্ঞাসার জন্ম হয়৷
অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, প্রাইমারি স্কুল থেকে পোস্ট ডক্টরেট পর্যন্ত শিক্ষার্থীদের নানাভাবে অনুপ্রেরণা দিয়ে তাদের জীবন প্রভাবিত করতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল মেডিসিন বিভাগের শিক্ষক জিয়াউদ্দিন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক (বঙ্গবন্ধু চেয়ার) ফখরুল আলম৷ ফখরুল আলম বলেন, আজকে স্কুল-কলেজে ছাত্ররা ভালো ফলাফলের লক্ষ্যে গাইড বই মুখস্থ করছে। তরুণরা বিশ্ববিদ্যালয়ে পড়ছে বিসিএস অফিসার হওয়ার জন্য। নীতি নৈতিকতা কোথায় যেন হারিয়ে গেছে। তাই আজ নীতি নৈতিকতার প্রসঙ্গ ভীষণ গুরুত্বপূর্ণ।
সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে দুর্বৃত্তের রাজনীতি বা রাজনীতির দুর্বৃত্তায়ন দুটিই ঘটেছে। সেখান থেকে বের হতে সময় লাগে। এখন তো অনেক রকম যুদ্ধ। পাকিস্তানের প্রেতাত্মারা যারা জ্বালাও-পোড়াও করছে বা যুদ্ধাপরাধী ও তাদের দোসররা বলছে, তাদের ছাড়া নাকি গণতন্ত্র হয় ন। জয়ী হওয়ার নিশ্চয়তা না দিলে তারা নির্বাচনে আসবে না। তাদের কাছে নাকি আজ আমাদের গণতন্ত্রের সনদ নিতে হবে! সে জায়গায় সমাজে নীতি নৈতিকতা প্রতিষ্ঠায় চেষ্টা করতে হবে।
সমাজে পিছিয়ে পড়ার জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ধারায় নিয়ে আসতে তিনি অগ্রসর ব্যক্তিত্বদের আহ্বান জানান।
২০০৮ সালে এথিকস ক্লাব বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রধান এম ই চৌধুরী শামীম বলেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থা এবং বিশিষ্ট ব্যক্তিগণের অংশগ্রহণে সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নানামুখী কার্যক্রম পরিচালনার পাশাপাশি নৈতিকতা দিবস পালন করে আসছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে নৈতিকতা দিবসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে পড়ছে। এ পরিপ্রেক্ষিতে গত একযুগ আমরা বাংলাদেশে নৈতিকতা দিবস পালন, আদর্শ শিক্ষক সম্মাননা এবং প্রয়াত উপদেষ্টাদের স্মরণ অনুষ্ঠান আয়োজন করে আসছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
