এইমাত্র পাওয়া

ছাত্রীর হিজাব কেটে দিলেন শিক্ষিকা, দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লাঃ কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর হিজাব কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিষ্ঠানে তালা মেরে অভিযুক্ত শিক্ষিকাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এ ছাড়া ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা দিনভর বিক্ষোভ করেছেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

এরপর এদিন বিকেল পর্যন্ত চলে বিক্ষোভ কর্মসূচি। এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) হিজাব কাটার ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) কুমিল্লা মেডিক্যাল কলেজ সংলগ্ন কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর হিজাব কেটে দেন ইনস্টিটিউটের শিক্ষিকা মোসা. মিরণ নাহার বেগম। পরে এ খবর ছড়িয়ে পড়লে বুধবার (২৪ জানুয়ারি) সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

একপর্যায়ে শিক্ষার্থীরা ছয়জন শিক্ষিকাকে আটকে রেখে বাইরে তালা ঝুলিয়ে দেন। এ সময় সুষ্ঠু বিচার দাবি করেন তাঁরা। পরে ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাসে এদিন বিকেলে তালা খুলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

অভিযুক্ত শিক্ষিকা মোসা. মিরণ নাহার বেগম বলেন, ‘দুই বছর যাবৎ শিক্ষার্থীদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ড্রেসকোড মেনে শ্রেণিকক্ষে আসার জন্য বলে আসছি।

অধিকাংশ শিক্ষার্থী ড্রেসকোড মেনে শ্রেণিকক্ষে এলেও কয়েকজন শিক্ষার্থী ড্রেসকোড মানছে না। তারা তাদের ইচ্ছেমতো ড্রেস পরে শ্রেণিকক্ষে আসছে। হিজাব পরতে কাউকে নিষেধ করা হয়নি। অনেক বলার পরও যারা ড্রেসকোড না মেনে হিজাব পরেছে, তাদের হিজাবের অতিরিক্ত অংশ কেটে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আমি অনুতপ্ত।

’শিক্ষার্থীদের কয়েকজন জানান, হিজাব পরার ঘটনাকে কেন্দ্র করে তাঁরা কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে তালা দিয়েছেন। হিজাব কাটার সঠিক বিচার চান তাঁরা।

কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর (ইনচার্জ) আকবরী খানম বলেন, ‘আমরা এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছি। সেটি ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠিয়েছি। আশা করি উনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.