এইমাত্র পাওয়া

সভাপতির নির্দেশে স্কুল বন্ধ রেখে এমপিকে শুভেচ্ছা জানাতে গেলেন শিক্ষকরা!

কুষ্টিয়াঃ জেলার দৌলতপুরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক ও কর্মচারীরা।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক ও কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানায়, সকাল ১১টার দিকে স্কুল ছুটি দিয়েছে স্যাররা (শিক্ষকরা) হাজিরাও নেয়নি।

হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, স্কুল কমিটির সভাপতির নির্দেশে বন্ধ করেছিলেন। স্কুলের উন্নয়নের স্বার্থে এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন।

তবে স্কুল ছুটির বিষয়ে কিছুই জানেন না উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম। তিনি বলেন, এমপির বাড়িতে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা হয়েছিল। তার কাছে স্কুল বন্ধের বিষয়ে জানতে চেয়েছিলাম। প্রধান শিক্ষক বলেছেন- স্কুল বন্ধ হয়নি, শিক্ষকদের একটা প্রোগ্রাম ছিলো এমপির সঙ্গে। প্রোগ্রাম শেষে আমরা (শিক্ষকরা) স্কুলে ফিরে যাবো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.