এইমাত্র পাওয়া

বাকৃবিতে ১৭টি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

ঢাকাঃ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। ২৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সটির সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের (জিটিআই) ব্যবস্থাপনায় ২১ জানুয়ারি (রবিবার) সকাল ১১টায় জিটিআইয়ের প্রশিক্ষণ কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন জিটিআইয়ের অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ এবং রেজিস্ট্রার মো. অলিউল্লাহ।

এছাড়াও বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ও বাকৃবির লাইব্রেরিয়ান খাইরুল ইসলাম নান্নু, বাকৃবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইউছুব আলী মন্ডল এবং চিফ মেডিক্যাল অফিসার ডা. মো. সাইদুর রহমানসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এমদাদুল হক চৌধুরী বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য থাকে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করা। বিশ্ববিদ্যালয় ছাত্র, শিক্ষক এবং কর্মচারী নিয়ে গঠিত। সবার উদ্দেশ্য হলো কিভাবে একটি দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করা যায়। দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করার জন্যে দক্ষ শিক্ষক এবং কর্মচারীও প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের দক্ষতা বৃদ্ধি করে নিজ নিজ কাজ সততার সঙ্গে করে একটি দক্ষ জাতি গঠনে ভূমিকা রাখবেন। ব্যক্তিগত স্বাস্থ্য, পরিবার এবং কর্মক্ষেত্র এই তিনটির সঠিক সমন্বয় ছাড়া কেউ নির্ধারিত লক্ষ্যপূরণ করতে পারবে না। তাই আমাদের এই তিনটি বিষয়ে বিশেষ করে গুরুত্বারোপ করতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.