এইমাত্র পাওয়া

আজ থেকে নতুন সূচিতে চলছে মেট্রোরেল

নিউজ ডেস্ক।।

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আজ শনিবার সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। গত বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এই ঘোষণা দেন।

উত্তরা থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১০ মিনিটে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে। তবে স্টেশন থেকে একক যাত্রার টিকিট কেটে যারা যাতায়াত করবেন তারা সকাল সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন। এর বাইরে অতিরিক্ত সময়ে চলতে হলে থাকতে হবে এমআরটি বা র‍্যাপিড পাস।

মেট্রোরেলের সময়সূচি অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিটে এবং ৭টা ২০ মিনিটে দুটি মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। মেট্রোরেল দুটি সব স্টেশনেই থামবে এবং এগুলোতে শুধু র‍্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। পরে সকাল সাড়ে ৭টা থেকে একক টিকিট ক্রয় করে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

রাত ৮টার পর আর একক টিকিট ক্রয় করে যাতায়াত করা যাবে না। তখন কেবল এমআরটি বা র‍্যাপিড পাসধারীরা ৮টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলাচলের সুযোগ পাবেন। কেন না রাত পৌনে ৮টার পর সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।

এ ছাড়া পিক আওয়ারে (সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট এবং বিকাল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা) ১০ মিনিট পর পর মেট্রোরেল স্টেশনে থামবে।

অফ পিক আওয়ারে (বেলা সাড়ে ১১টা থেকে ৪টা পর্যন্ত) ১২ মিনিট পর পর মেট্রোরেল স্টেশনে থামবে।

মেট্রোরেলের ১৬টি স্টেশন হলো— উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.