এইমাত্র পাওয়া

হাবিপ্রবির তিন অনুষদে নতুন ডিন

দিনাজপুরঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন অনুষদে নতুন ডিন নিয়োগ পেয়েছেন। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদে প্রফেসর ড. মো. মামুনার রশিদ এবং সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদে প্রফেসর রোজিনা ইয়াসমিন লাকিকে নতুন ডিন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

(বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত তিন ভিন্ন ভিন্ন অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী অনুষদের অধ্যাপকগণের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে আগামী দুই বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মেহেদী হাসানের মেয়াদ শেষ হওয়ায় নতুন ডিন হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন।

দায়িত্ব পেয়ে প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন বলেন, আমাকে ডিন হিসেবে নিয়োগ দেওয়ার জন্য মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্প্রতি বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করে দেশে ফিরেছি। বিদেশে উচ্চতর গবেষণায় অর্জিত জ্ঞান আমার ফ্যাকাল্টিতে বাস্তবায়নের চেষ্টা করবো। ফ্যাকাল্টির সকল শিক্ষকদের পরামর্শ ও সহযোগিতায় ফ্যাকাল্টির পাঠদান ও গবেষণায় দৃশ্যমান উন্নয়নের চেষ্টা করবো। যাতে আমাদের ফ্যাকাল্টির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরো ছড়িয়ে পড়ে।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর রাফিয়া আক্তারের মেয়াদ শেষ হওয়ায় নতুন ডিন হয়েছেন একাউন্টিং বিভাগের প্রফেসর মো. মামুনার রশিদ।

নতুন ডিন হিসেবে দায়িত্ব পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক মো. মামুনার রশিদ বলেন, অনুষদের ডিনের দায়িত্ব একটি রুটিন দায়িত্ব। আগামী দুইবছর এ দায়িত্ব পালন করতে হবে। অর্পিত কর্তব্য সঠিকভাবে পালনের মাধ্যমে ব্যবসায় শিক্ষা অনুষদকে আরো এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবো।

এদিকে সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন ইকোনোমিক্স বিভাগের প্রফেসর ড. মো. গোলাম রাব্বানীর মেয়াদ শেষ হওয়ায় নতুন ডিন হয়েছেন একই বিভাগের প্রফেসর রোজিনা ইয়াসমিন (লাকি)।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রফেসর রোজিনা ইয়াসমিন (লাকি) বলেন, ডিন হিসেবে দায়িত্ব পেয়ে জীবনের নতুন দিগন্তের সূচনা হলো। দায়িত্ব পাওয়ার পর প্রথম কাজ হবে ফ্যাকাল্টির শিক্ষক সংখ্যা বৃদ্ধি করা, এতে অনেক সমস্যার সমাধান হবে। এরপর ফ্যাকাল্টিকে পুরোপুরি ডিজিটালাইজেশন করার কাজ করবো। সেইসাথে চেষ্টা করবো ফ্যাকাল্টিকে গবেষণার দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের শিক্ষকরা অনেক কোঅপারেটিভ ওনাদের সহযোগিতায় ফ্যাকাল্টিকে এগিয়ে নিতে আরো পরিকল্পনা করবো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.