এইমাত্র পাওয়া

ফ্যানে ঝুলছিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রীর নিথর দেহ

বরিশালঃ  মেসে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় বৃষ্টি সরকার (২২) নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বিপরীতে সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের এমএম টাওয়ারের ষষ্ঠতলা থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বৃষ্টির বাড়ি সাতক্ষীরায়। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, রাতে সহপাঠীরা ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা কক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমরা সবাই মেডিকেলে যাই। বৃষ্টির পরিবারকে খবর দেয়া হয়েছে। এমন একটি ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে গেলো। প্রশাসন বিষয়টি দেখছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.