এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ)-এর ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর এখন ভাইভা চলছে। এই ভাইভার নম্বর যোগ হবে না। কেননা লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মূলত জাতীয় মেধাতালিকা করে নিয়োগের ব্যবস্থা করা হয়। প্রশ্ন হলো, যে ভাইভার নম্বর যোগ করা হয় না সে ভাইভা নিয়ে লাভ কী? তবে তিন ক্যাটাগরির (স্কুল, স্কুল-২, কলেজ) ভাইভাতে শত শত প্রার্থীকে ফেলও করানো হয়।
যে ভাইভার নম্বর যোগ হয় না, সে ভাইভাতে প্রার্থীদের ফেল করানো কি যৌক্তিক? অন্যান্য চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর যোগ হলে এক্ষেত্রে হবে না কেন? উল্লেখ্য, ১৩তম শিক্ষক নিবন্ধন থেকে তিন ধাপে (প্রিলি, লিখিত, ভাইভা) একজন চাকরিপ্রার্থীকে বাছাই করা হচ্ছে। এর আগের নিবন্ধনগুলোতে (১-১২তম) শুধু প্রিলি ও লিখিত পরীক্ষা নেওয়া হতো। মূলত জাতীয় মেধাতালিকার ভিত্তিতে শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে।
তাই গুরুত্বহীন ভাইভার নামে মাসের পর মাস সময় নষ্ট না করে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করা যেত। ভাইভা নেওয়ার ফলে এবং পরীক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন ঘটিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু (১৩তম থেকে) করার ফলে ১৩ ও ১৪ তমদের একক নিয়োগের আশ্বাসও এনটিআরসিএ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে কোনো নিবন্ধনধারীর একক নিয়োগের ব্যবস্থা করা হয়নি। একক নিয়োগ যখন নাই-ই হবে, তবে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে লাভ কী হলো? যা-ই হোক, এখন যেহেতু জাতীয় মেধাতালিকার ভিত্তিতে (যদিও ভাইভার নম্বর যোগ হচ্ছে না) নিয়োগ দেওয়া হচ্ছে, তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ—হয় ভাইভার নম্বর মোট নম্বরের সঙ্গে যোগ করা হোক, অন্যথায় পরীক্ষাটিই বাদ দেওয়া হোক।
সাধন সরকার
৫/এ নারিন্দা লেন, নারিন্দা,
সূত্রাপুর, ঢাকা
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
