এইমাত্র পাওয়া

উত্তরা ইউনিভা‍র্সিটির উপ-উপাচা‍র্য হলেন অধ্যাপক গোস্বামী

ঢাকাঃ উত্তরা ইউনিভা‍র্সিটির উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী। মঙ্গলবার (১৬ জানুয়ারি) যোগদান উপলক্ষে উত্তরা ইউনিভা‍র্সিটির সভাকক্ষ্যে এক অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে, ১১ জানুয়ারি তাকে ওই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ড. গৌর গোবিন্দ গোস্বামীর অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভা‍র্সিটির উপাচা‍র্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। অনুষ্ঠানে ইউনিভা‍র্সিটির সম্মানিত উপাচা‍র্য ড. ইয়াসমীন আরা লেখা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নবনিযুক্ত উপ-উপাচার্যকে। বিশেষ অতিথির বক্তব্যে ইউনিভা‍র্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন।

ফুলেল শুভেচ্ছার পর নব-নিযুক্ত উপ-উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন উত্তরা ইউনিভা‍র্সিটির বো‍র্ড অব ট্রাস্টির সদস্য, পরীক্ষা নিয়ন্ত্রক, উপদেষ্টা, কোষাধ্যাক্ষ, বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারম্যানরা।

ড. গৌর গোবিন্দ গোস্বামী নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক ছিলেন। ২০০৩ সালে প্রভাষক হিসেবে যোগদানের পর ২০১০ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন।

তিনি আন্তর্জাতিক অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের উইসকনসিন-মিলওয়াকি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষা, গবেষণা এবং বিভিন্ন স্তরে অ্যাকাডেমিক ও প্রশাসনিক পরিচালনায় দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি যুক্তরাষ্ট্রের উইসকনসিন-মিলওয়াকি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতক সহকারী এবং প্রশিক্ষক ছিলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপারসন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবেও কর্মরত ছিলেন।

ড. গৌর গোবিন্দ অর্থনীতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গবেষণা পুরস্কারে দুবার (২০০৩ এবং ২০০৬) ভূষিত হন। জার্নাল অফ ইকোনমিক স্টাডিজ থেকে অসামান্য এবং শ্রেষ্ঠ রিভিউয়ার হিসেবে ২০২২ সালে এমেরাল্ড লিটারেটি পুরস্কার লাভ করেন।

ব্যক্তিজীবনে প্রফেসর গৌর একজন সঙ্গীতানুরাগী। তিনি অনিমা গোস্বামীর জীবনসঙ্গী ও দুই সন্তানের জনক। তিনি প্রয়াত গোপিকা রঞ্জন গোস্বামী এবং সাবিত্রী গোস্বামীর বড় ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) এবং প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করার পরই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৯২ সালে অর্থনীতি বিভাগে পূর্ণকালীন প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। আন্তর্জাতিক বাণিজ্যে গ্র্যাভিটি মডেলিং, এক্সচেঞ্জ রেট মডেলিং, ব্ল্যাক মার্কেট এক্সচেঞ্জ রেটএবং ক্রিপ্টোকারেন্সিতে তার গবেষণা আগ্রহ রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.