এইমাত্র পাওয়া
ফাইল ছবি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. দীপু মনি

ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত ডা. দীপু মনিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তিনি পূর্বের মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে বুধবার (১০ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে মন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

দীপু মনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও চাঁদপুর-৩ আসন থেকে বিজয়ী হয়েছিলেন। বিদায়ী মন্ত্রিসভায় তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী। এর আগে দশম এবং নবম সংসদ নির্বাচনেও একই আসন থেকে জয়ী হন তিনি। নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তিনিই ছিলেন দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী।

দীপু মনি ১৯৬৫ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা একুশে পদক বিজয়ী ভাষা আন্দোলন কর্মী ও রাজনীতিবিদ এম এ ওয়াদুদ। মা রহিমা ওয়াদুদ ছিলেন শিক্ষিকা।

দীপু মনি হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাসের পর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এলএলবি পাস করেন। এমবিবিএস পাসের পর যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে মাস্টার্স ডিগ্রি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সমঝোতা ও দ্বন্দ্ব নিরসন এর ওপর একটি কোর্স সম্পন্ন করেন।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. দীপু মনি ১৬৫টি কেন্দ্রে ১ লাখ ৯ হাজার ৪৬ ভোট পেয়ে বিজয়ী হন।

গত ৯ জানুয়ারি (মঙ্গলবার) নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পরদিন ১০ জানুয়ারি (বুধবার) শপথ নেন নবনির্বাচিত এমপিরা। আর এমপিদের শপথ গ্রহণের একদিন পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০১/২০২৪ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.