এইমাত্র পাওয়া

সাংবাদিক জাহাঙ্গীর আলমের মোটরসাইকেল ছিনতাই 

নিউজ ডেস্ক।।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমের মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় কালিয়াকৈর উপজেলার সফিপুর-মাজুখান সড়কের মাটিকাটা (আমতলী) এলাকায় সড়কে গাছ ফেলে তার মোটরসাইকেল থামানো হয় এবং অস্ত্রের মুখে মোটরসাইকেল ও নগদ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

ভুক্তভোগী সাংবাদিক  বলেন, “রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে সূত্রাপুরে যাওয়ার পথে আমতলী এলাকায় সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয় দুর্বৃত্তরা। এরপর দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমার সঙ্গে থাকা মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রাখে।”

তিনি জানান, দুর্বৃত্তরা ব্যাগ তল্লাশি করে সাংবাদিক বুঝতে পেরে মোবাইল ফোন দুটি ফেরত দেয়। তবে ব্যবহৃত হেলমেট, আট হাজার টাকা, মোটরসাইকেল ও মোটরসাইকেলে থাকা সাত কেজি মাছ লুটে নেয়।

নিজের চেষ্টায় ৩০ মিনিট পর হাত-পা ও মুখের বাঁধন খুলে সড়কে এসে স্থানীয়দের সহায়তায় বাড়িতে ফেরেন জাহাঙ্গীর।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে কালিয়াকৈরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

এ বিষয়ে কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের ধরতে পারব।”


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.