এইমাত্র পাওয়া

বিশ্বসেরা গবেষকদের তালিকায় কুবির ৯০ শিক্ষক-শিক্ষার্থী

কুমিল্লাঃ বিশ্বসেরা গবেষকদের নিয়ে অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২৪ প্রকাশ করা হয়েছে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মোট ৯০ জন গবেষক স্থান পেয়েছে। গত রোববার অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে বিষয়টি জানা যায়।

জানা যায়, বিভিন্ন মানদণ্ড ও অ্যাকাডেমিক অধ্যয়ন বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করে থাকে অ্যালপার ডগার। এডি সায়েন্টিফিক ইনডেক্সে র‌্যাঙ্কিং-২০২৪ প্রকাশিত তালিকায় বিশ্বের ২১৯টি দেশের ২২ হাজার ৭৯০টি বিশ্ববিদ্যালয়ের ১৪ লাখ ৪৩ হাজার ১০৪ জন গবেষক স্থান পেয়েছেন। এই তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ২০৪টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৩৩ জন গবেষক স্থান পেয়েছেন। এতে কুবির ৮৯ জন শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. একেএম হেলাল মোর্শেদ স্থান পেয়েছেন।

বিশ্বের বিজ্ঞানী, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করে অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স। এটি সর্বোচ্চ গবেষণা পত্র, সাইটেশন, গবেষকদের গবেষিত বিষয় অনুযায়ী র‌্যাঙ্কিং করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে ২০২১ সালে পাচঁজন শিক্ষক স্থান পায়। পরবর্তীতে প্রকাশিত দু’টি তালিকায় যথাক্রমর ৫৯ জন ও ৮৮ জন গবেষক স্থান পায়। সর্বশেষ প্রকাশিত তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশনার প্রতি যে আগ্রহ আমরা সৃষ্টি করতে পেরেছি, তা যদি অব্যাহত থাকে তাহলে এডি ইনডেক্সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও দৃঢ় হবে। এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের পরিকল্পনাগুলো কার্যকর থাকবে। গবেষকদের প্রতি আমার আহ্বান তারা যেন গবেষণা ও প্রকাশনার নৈতিক বিষয়গুলো মনে রেখে দীর্ঘমেয়াদী সফলতার জন্য মৌলিক গবেষণা ও প্রকাশনার প্রতি মনোনিবেশ করে। কেননা বিশ্বের উচ্চমানের জার্নালে মৌলিক গবেষণালব্ধ পেপার প্রকাশনায় প্রেফারেন্স প্রদান করা হয়। আর মৌলিক পেপার গুলো হাই ইমফ্যাক্টফুল হওয়ার কারণে এগুলোর সাইটেশন বেশি হয়। তাই এই বিষয়গুলো মেনে গবেষণা ও আর্টিকেল প্রকাশনার প্রতি গুরুত্ব দিলে এডি ইনডেক্সসহ সকল ইনডেক্সে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান প্রতিষ্ঠিত হবে, যা আমাদেরকে একটি লিডিং বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.