এইমাত্র পাওয়া

বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভার শপথ

ঢাকাঃ আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বর্তমান ক্ষমতাসীন দল নতুন সরকার হিসেবে শপথ নেবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা জানান, সরকারি যানবাহন অধিদপ্তর মন্ত্রিসভার সদস্যদের ব্যবহার্য মনোগ্রাম ও পতাকা স্ট্যান্ডযুক্ত গাড়ি বুধবার সকাল ১০টার মধ্যে সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে।

এর মাধ্যমে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারে ৪৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আছেন। এর মধ্যে প্রধানমন্ত্রীসহ ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী।

এদিকে আগামীকাল বুধবার শপথ নেবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা। কাল সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এই নির্বাচনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি। তবে আজ মঙ্গলবারের মধ্যেই গেজেট প্রকাশের জন্য কাজ চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র। গেজেট প্রজ্ঞাপনের তিন দিনের মধ্যে শপথ নেওয়ার বাধ্যবাধকতা আছে।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি জয় পেয়েছে ১১ আসনে, স্বতন্ত্র প্রার্থী জিতেছে ৬২ আসনে। আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে দুটি আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.