এইমাত্র পাওয়া

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার নতুন ভিসি অধ্যাপক ড. সামসুদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া এর ভাইস-চ্যান্সেলর পদে অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে কর্মরত ছিলেন। এর আগে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে  বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (1) অনুযায়ী ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, প্রফেসর, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-কে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া এর ভাইস-চ্যান্সেলর পদে  নিয়োগ প্রদান করা হলো।

এতে বলা হয়, ভাইস-চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জান যায়, ড. সামসুদ্দিন রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ থেকে ১৯৭৯ সালে স্নাতক ও ১৯৮২ তে স্নাতকোত্তর এবং ভারতের জাদভপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ১৯৮৩ সালে রাবির ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৯৯-২০০৩ পর্যন্ত রাবির মাদার বক্স হলের প্রাধ্যক্ষ, ২০০৪-০৭ সাল পর্যন্ত বিভাগের সভাপতি, এছাড়া বাংলাদেশ বড়পুকুরিয়া কয়লাখনি লিমিটেড বোর্ডের পরিচালক হিসেবে ৭ বছর দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.