ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে নৌকার যে প্রার্থীর প্রার্থীতা বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (০৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার ১৫ মিনিট আগে ইসির সচিব জাহাংগীর আলম বিফ্রিংয়ে এ তথ্য জানান।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছিলেন বলে জানান ইসি সচিব৷ তবে ওই আসনে ভোট চলবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশন সচিব ব্রিফিংয়ে বলেন, “তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছেন, তাদের উপর চড়াও হয়েছেন৷ সব বিবেচনায় নিয়ে কমিশন তার প্রার্থীতা বাতিল করেছে৷

এর আগে বাঁশখালী পৌরসভার কাউন্সিলর আটক আবদুল গফুরকে ছাড়াতে গিয়ে ওসির সঙ্গে বাকতবিতণ্ডায় জড়িয়ে পড়েন এমপি মোস্তাফিজুর রহমান। রোববার দুপুর ১২টার দিকে বাঁশখালী থানায় এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভোটগ্রহণ প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে আবদুল গফুরকে আটক করে পুলিশ। সাড়ে ১১টার দিকে দক্ষিণ জলদী আসকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আটক কাউন্সিলরকে ছাড়াতে গিয়ে মোস্তাফিজুর রহমান চৌধুরী থানায় গিয়ে ওসিকে ধমক দিয়েছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, কাউন্সিলর আবদুল গফুর ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। তা না পেরে দলবল নিয়ে এসে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের ওপর চড়াও হন তিনি। এ জন্য তাকে আটক করা হয়েছে। তাকে আটকের পর থানায় ছুটে যান মোস্তাফিজুর রহমান চৌধুরী। কেন কাউন্সিলরকে আটক করা হয়েছে জানতে চান। তাকে ছেড়ে দিতে বলেন। এ সময় পুলিশের এক সদস্য সংসদ সদস্যের এ আচরণ ভিডিও করার চেষ্টা করলে তিনি তার দিকে তেড়ে যান। ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী একেএম মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, একজন কাউন্সিলরকে থানায় আটকে রাখার খবর পেয়ে সেখানে যান সংসদ সদস্য। তিনি তাকে কেন আটকে রাখা হয়েছে জানতে চান ওসির কাছে। ওসি বিষয়টি কাউন্সিলরের কাছে জানতে বলেন। কোনো অভিযোগ না থাকলে তাকে ছেড়ে দিতে বলেন। তা নিয়ে দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও প্রতিপক্ষের মামলা নেওয়ায় ওসিকে দেখে নেওয়ার হুমকি এবং তার লোকজনকে ধরলে হাত কেটে নেওয়ার হুমকি দেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ভোটার রয়েছে ৩ লাখ ৭০ হাজার ৭৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৮৯৭। ১১৪টি ভোট কেন্দ্র। এই আসন থেকে এবার লড়ছেন ১০ জন প্রার্থী। নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থী আছেন। ঈগল প্রতীকের মুজিবুর রহমান ও ট্রাক প্রতীকের আব্দুল্লাহ কবির। মুজিবুর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আব্দুল্লাহ কবির দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.