এইমাত্র পাওয়া

গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিত

ঢাকাঃ  নির্বাচনী পরিবেশ অনকূলে না থাকায় গাইবান্ধা-৫ (ফুলছড়ি ও সাঘাট) আসনে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

 শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ইসি থেকে এই তথ্য জানানো হয়।

ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর গত বছর জানুয়ারিতে গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপন। এবারও তিনি নৌকা প্রতীকে লড়ছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে ভোটে লড়ছেন ফারজানা রাব্বী বুবলী। তিনি সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত ফজলে রাব্বী মিয়ার মেয়ে।

এর আগে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে ওই আসনের ভোটগ্রহণ বাতিল করে ইসি। ফলে দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে ভোটগ্রহণ হবে।

আসন্ন ভোটে নির্বাচনে দায়িত্ব পালনে কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ এনে একটি রিট করেন ফারজানা বুবলী।

রিট আবেদনের শুনানির পর বুধবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ সংসদ নির্বাচনের দায়িত্ব থেকে গাইবান্ধার সাঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সরানোর নির্দেশ দেন।

২০২২ সালের ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে সিসি ক্যামেরায় এক-তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়মের দৃশ্য দেখে মাঝপথে ঢাকা থেকে নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি।

বাংলাদেশে নির্বাচন কমিশনের ইতিহাসে অনিয়মের কারণে কোনো সংসদীয় আসনের নির্বাচন পুরোপুরি বন্ধ করার ঘটনা সেটাই প্রথম।

গাইবান্ধায় ভোটে অনিয়মে জড়িতদের চিহ্নিত করতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন।

সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়িত্বে অবহেলা ও অনিয়মে সম্পৃক্ততার কারণে রিটার্নিং কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক, নির্বাহী হাকিমসহ শতাধিক ভোটগ্রহণ কর্মকর্তা ও নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।

পরে ২০২৩ সালের ৪ জানুয়ারি সেখানে নতুন করে ভোট হয় এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হোসেন রিপন সংসদ সদস্য নির্বাচিত হন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.