এইমাত্র পাওয়া

নিজ ক্লাসের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়াতে পারবেন না শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুরঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নিজের ক্লাসের কোনো শিক্ষার্থীকে কোনো শিক্ষক কোচিংয়ে পড়াতে পারবেন না। এ বিষয়টি ইতিমধ্যে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, কিছু কিছু সময় শিক্ষার্থীদের কোচিং কিছুটা দরকার হয়। কারণ দেশে-বিদেশের বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতির দরকার হয়। পাশাপাশি আমাদের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এবং সেখানে প্রত্যেক শিক্ষকের পক্ষে প্রতিটি শিক্ষার্থীকে ভালোভাবে নজর দেওয়া সম্ভব হয় না অনেক সময়। তাতে অনেকে হয়তো কিছুটা পিছিয়ে পড়তে পারে। আবার অনেকের বাড়িতে বাবা-মা কর্মজীবী হওয়ায় বাড়িতেও সেই সহযোগিতার দেয়ার মতো কেউ নেই। সেক্ষেত্রে কখনো কখনো কোচিং এর দরকার হতে পারে।

তিনি আরও বলেন, এসব ক্ষেত্রে এর বিকল্প হিসেবেও শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কোচিং এর ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এছাড়া যে নিজের ক্লাসে না পড়িয়ে বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করে এবং সেখানে না পড়লে তাকে হয়তো ফেল করিয়ে দেয় বা কম নম্বর দেয় এটা একেবারেই অনৈতিক। এটি আইনে নিষিদ্ধ করা হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির বোর্ড পরিচালক আকরাম খান। এতে আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদসহ অনেকে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.