চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ও আইন বিভাগে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া স্থগিত করতে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
বুধবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ অনুরোধ করা হয়।
চিঠিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আইন যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে।
ইউজিসির এ চিঠি পাওয়ার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নুর আহমদ বলেন, এ বিষয়ে দাপ্তরিক কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেছেন, উপাচার্য ঢাকা থেকে ফিরে এ বিষয়ে কথা বলবেন।
বিশ্ববিদ্যালয়ের আইন-৯ না মানায় বাংলা ও আইন বিভাগে শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থগিতের জন্য অনুরোধ করা হয়েছে এই চিঠিতে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গৃহীত ব্যবস্থা কমিশনের কাছে লিখিতভাবে জানানোর কথাও বলা হয়েছে চিঠিতে।
বিশ্ববিদ্যালয়ের আইন-৯ অনুযায়ী শিক্ষক নিয়োগ দিতে হলে প্রথমে বিভাগের পরিকল্পনা কমিটির সভায় অনুমোদন করতে হয়। পরে বিভাগের সভাপতি শিক্ষকের চাহিদা রেজিস্ট্রারকে জানালে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হয়।
এ আইন না মেনেই গত বছরের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত আইন বিভাগের শিক্ষক নিয়োগের সাক্ষাৎকার নেওয়া হয়। পরের দিন বাংলা বিভাগের সাক্ষাৎকার হওয়ার কথা থাকলেও শিক্ষক সমিতির আন্দোলনের কারণে তা হয়নি।
এ দুই নিয়োগ নিয়ে সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
