এইমাত্র পাওয়া

৬২ জেলায় মোতায়েন করা হলো সেনাবাহিনী

ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের অংশ হিসেবে মঙ্গলবার (২ জানুয়ারি) দেশের ৬২ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে আগামীকাল বুধবার (৩ জানুয়ারি) থেকে তারা দায়িত্ব পালন শুরু করবেন এবং মাঠে থাকবেন ১০ জানুয়ারি পর্যন্ত। এছাড়া সীমান্তে বিজিবি ও উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ডের সঙ্গে সেনা মোতায়ন করা হয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জন্য প্রস্তুত রাখা হয়েছে বিমান বাহিনীর হেলিকপ্টার।

মঙ্গলবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়া’র আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে। সশস্ত্র বাহিনী ভোটগ্রহণের পূর্বে, ভোটগ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ৩-১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত নির্বাচন কমিশন তথা স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবে।

আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা, উপজেলা, মেট্রোপলিটন এলাকার ‘নোডাল পয়েন্ট’ ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে বাহিনীসমূহ এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করছে।

আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী ৬২টি জেলায় নিয়োজিত হয়েছে। এছাড়া সমতলে সীমান্তবর্তী ৪৫টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। এছাড়াও সীমান্তবর্তী ৪৭টি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় ৪টি উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে। উপকূলীয় দুটি জেলাসহ (ভোলা ও বরগুনা) সর্বমোট ১৯টি উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব পালন করবে। বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টারযোগে দুর্গম পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্র সমূহে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা প্রদান করবে। এছাড়াও জরুরী প্রয়োজনে নির্বাচনী সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

আইএসপিআর’র তথ্যমতে, সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে। যা ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.